কক্সবাজারের টেকনাফে মাছ শিকারের সময় ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আটকরা হলেন ট্রলার মাঝি সালাম নুর, মো. আইয়ুব, মো. আজিজুল্লাহ, সৈয়দ হোসেন ও আইয়ুব। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। তিনি জানান, সাগরে মাছ শিকারে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে যায়। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে অনেক দিন পর আবারো সাগরে মাছ শিকারের সময় জেলেদের ধরে নিয়ে যাওয়ায় স্থানীয় জেলেরা আতঙ্ক অনুভব করছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, জেলেরা মাছ শিকারের সময় জলসীমা অতিক্রম করায় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায় বলে শুনেছি। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম চলমান রয়েছে।








