সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে ফালতু আখ্যা দিয়ে তার প্রশাসনকে অযোগ্য, আত্মমুগ্ধ ও যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রশাসন বলে অভিযোগ করেছেন। শনিবার দেওয়া এক আক্রমণাত্মক রাজনৈতিক ভাষণে তিনি ট্রাম্পের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেন। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের হ্যানোভারে ডেমোক্র্যাটিক পার্টির আয়োজিত এক গালা অনুষ্ঠানে এই বক্তব্য দেন বাইডেন।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্রদের কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে দলটি এই আয়োজন করে। প্রায় ১০ মিনিটের বক্তব্যে বাইডেন ট্রাম্প প্রশাসনের কয়েকটি আলোচিত উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, হোয়াইট হাউজের ইস্ট উইং ভেঙে সেখানে একটি বলরুম নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের ভবনের সম্মুখভাগে নিজের নাম যুক্ত করার পর আদালতের নির্দেশে সেটি সরিয়ে নিতে হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসন একটি বিজয়তোরণ নির্মাণের পরিকল্পনা নিয়েছে এবং লিংকন মেমোরিয়ালের প্রতিফলন পুকুর সংস্কারে নেওয়া ১ কোটি ৪৭ লাখ ডলারের প্রকল্প শৈবালের বিস্তারের কারণে প্রশ্নের মুখে পড়েছে। তবে বাইডেনের ভাষায়, এগুলো শুধু রাজধানীতে ট্রাম্পের ‘আত্মতৃপ্তির প্রকল্প’ নয় বরং আরও বড় সমস্যার প্রতিফলন। ক্যাসিনো অ্যান্ড হোটেল মেরিল্যান্ডে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘উফ! কী ভয়ংকর! কী অযোগ্য মানসিকতার মানুষ। ফেডারেল সরকার সেখানে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই ১৭ লাখ ডলারের একটি পানি পরিশোধন ব্যবস্থার চুক্তি দেয় ট্রাম্পের এক দাতাকে।’








