আবারও বিতর্কে জড়াল ফিফা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা। খোদ প্রেসিডেন্ট এ কথা স্বীকার করেছেন। খবর বিবিসির। এর ফলে বিশ্বকাপের শেষ ষোলো রাউন্ডে বাংলাদেশ সময় আজ সকাল ৬টায় শুরু বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচে খেলতে আর কোনো বাধা রইল না বালোগানের।
আগের রাউন্ডে (শেষ বত্রিশ) বসনিয়ার বিপক্ষে ম্যাচে বালোগান সরাসরি লাল কার্ড দেখায় এক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন। কিন্তু ফিফা ১২ মাসের জন্য তার নিষেধাজ্ঞা স্থগিত করার বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে ফুটবলবিশ্ব হতভম্ব। এদিকে সোমবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি বালোগানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফিফাকে বলেছিলেন। কারণ, ট্রাম্প মনে করেন, ‘বালোগান ফাউল করেননি।’ তিনি এও বলেন যে, ফিফা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কেননা, বালোগান নিষিদ্ধ হলে টুর্নামেন্টে তার বিরূপ প্রভাব পড়ত।








