পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাকশী রেলওয়ে থানার অফিসার ইনজার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানিয়েছেন, নিরব বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস। ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে ওই কিশোরের মরদেহ দেখতে পান যাত্রী ও রেল কর্মীরা। খবর পেয়ে ঈশ্বরদী বাইপাস স্টেশনে গিয়ে মরদেহ উদ্ধার করে পাকশী রেলওয়ে থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রেনটি ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ওই কিশোরের মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকশী রেলওয়ে থানার ওসি বলেছেন, “চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে নিরবের মৃত্যু হয়ে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিরবের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।”








