মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিনে করে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া ট্রেনচালক (লোকো মাস্টার) শাহজাহান মিয়াকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ কারাগারে পাঠায়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০৩ নম্বর মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-৯ (সিপিসি-১)। এ সময় ট্রেনচালক শাহজাহান মিয়াকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা একটি বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো আটটি প্যাকেটে থাকা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব-৯ (সিপিসি-১)-এর কোম্পানি কমান্ডার নূরুন্নবী বলেন, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতার ট্রেনচালককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।







