ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১৫ দিনের ব্যবধানে ৫ম বারের মতো ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শনিবার (৪ জুলাই) উপজেলার ধানীখোলা ইউনিয়নের গয়সাপাড়া গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় এ মামলা করা হয়। থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গয়সাপাড়া গ্রামে ওই শিশুকে বাড়ির বাথরুমে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় একই এলাকার তাওহীদ (১৬) নামের এক কিশোর। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ রোববার (৫ জুলাই) দুপুরে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়েছে। অভিযুক্ত কিশোর বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, ত্রিশালে গত ১৫ দিনের মধ্যে এ নিয়ে পাঁচটি পৃথক ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হলো, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।