ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়াগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ত্রিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী অজ্ঞাতনামা এক পুরুষ (৩৫) ও এক নারী (৪০) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন সিএনজির চালকসহ চারজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে ফয়জুল (৩৪) ও রুবেল (৩০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপর দুজন হলেন হৃদয় (২২) ও নাবিল (২২)।

খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর সিএনজিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।