টানা চার দিনের ছুটিতে পর্যটকের ঢল নামায় কক্সবাজারে ট্যুরিস্ট জিপে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে কয়েকজন জিপ মালিক ও চালককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ট্যুরিস্ট জিপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে একাধিক অভিযোগ আসে। পরে জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে কয়েকজন জিপ মালিক ও চালককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা করে বৈধ কাগজপত্র না থাকায় দুটি জিপ জব্দ করা হয়। বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চলে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বেড়াতে আসা পর্যটক দম্পতি ইকরাম হোসেন ও লতিফা খানম বলেন, পাটুয়ারটেক যেতে খোলা জিপ ভাড়া করতে গিয়ে অস্বাভাবিক ভাড়া দাবি করা হয়। পরে জেলা প্রশাসনে অভিযোগ করলে দ্রুত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, ‘পর্যটকদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সায়ীদ আলমগীর/কেএইচকে/জেআইএম








