পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনের প্রস্তুতিতে সহায়তা করতে ‘ক্যারিয়ার কর্নার’ চালু করা হয়েছে। উপাচার্যের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত এ কর্নারের উদ্বোধন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে।
রবিবার (১২ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘ক্যারিয়ার কর্নার’-এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম বলেন, “উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর একদল শিক্ষার্থী আমার সঙ্গে দেখা করে কেন্দ্রীয় গ্রন্থাগারের বিভিন্ন সমস্যার কথা জানিয়েছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে গ্রন্থাগারে কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। একই সঙ্গে আমি একটি ক্যারিয়ার কর্নার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আজ সম্ভব হয়েছে।”
তিনি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক শিক্ষায় ভালো ফল করলেই হবে না। শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি। এই ক্যারিয়ার কর্নার সে লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
ক্যারিয়ার কর্নারে দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বিভিন্ন চাকরির প্রস্তুতিমূলক বই, বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার উপকরণ, দক্ষতা উন্নয়নবিষয়ক গ্রন্থ এবং ক্যারিয়ার-সংক্রান্ত বিভিন্ন তথ্যসামগ্রী সংরক্ষণ করা হবে। এসব উপকরণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও পেশাগত দক্ষতা বিকাশে সহায়ক হবে এমন আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আল মুয়ীদ খান বলেন, “এটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এমন একটি ব্যবস্থা আরো আগে চালু হলে শিক্ষার্থীরা উপকৃত হতো। আমি আশা করি, প্রশাসনের এই উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক মো. কামরুজ্জামান, কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।








