নতুন দফা মার্কিন হামলার জবাবে কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়েছে ইরান। ‘অপারেশন থান্ডারবোল্ট’-এর ২৫তম ধাপে ‘আরশ’ সুইসাইড ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, অপারেশন থান্ডারবোল্টের ২৫তম ধাপে আরশ ড্রোন দিয়ে কুয়েতের ক্যাম্প উদাইরিতে (Camp Udairi) মার্কিন বাহিনীর সরঞ্জাম গুদাম, দোহা ক্যাম্পে (Doha Camp) অবস্থানরত মার্কিন সেনাদের স্থাপনা এবং আরিফজান ক্যাম্পে (Camp Arifjan) মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আধিপত্যবাদী শত্রুর আগ্রাসনের জবাবে এই ড্রোন অভিযান পরিচালিত হয়েছে এবং শত্রুর যেকোনো বৈরী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় উচ্চমাত্রার ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান অব্যাহত থাকবে।
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্টের হুমকি ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর সংকল্পকে আরও দৃঢ় করবে এবং আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ আরও শক্তিশালী হবে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, শত্রুপক্ষ যদি নতুন কোনো সংঘাত শুরু করে বা নতুন ফ্রন্ট খোলে, তবে সেটি তাদের কৌশলগত ভুলের পুনরাবৃত্তি হবে। এর ফলে আগ্রাসনকারীদের জন্য আরও অপমান এবং ইরানের জন্য আরও শক্তি ও মর্যাদা বয়ে আনবে।
এর আগে অপারেশন থান্ডারবোল্টের ২৪তম ধাপে বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক অবস্থানগুলোতে আরশ ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছিল ইরানের সেনাবাহিনী।
সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই হামলায় বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে জ্বালানি সংরক্ষণাগার, বড় সরঞ্জাম গুদাম এবং মার্কিন সেনাদের আবাসন লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে বিমান হ্যাঙ্গার, বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং মার্কিন সেনাদের আবাসন এলাকায় হামলা চালানো হয়।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
কেএম








