হলিউডে মাতৃত্বকালীন ফ্যাশনের সংজ্ঞা যেন নতুন করে লিখছেন অ্যান হ্যাথাওয়ে। তৃতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই অস্কারজয়ী অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনের সুখবর জানানোর পর এবার প্রথমবারের মতো ‘দ্য ওডিসি’ ছবির প্রচারণায় হাজির হয়ে দেখিয়ে দিলেন বেবি বাম্প লুকিয়ে নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে উদযাপন করেই সবচেয়ে স্টাইলিশ থাকা যায়।
নিউইয়র্কে পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য ওডিসি’-এর প্রেস ট্যুরে মাত্র একদিনের ব্যবধানে অ্যানকে দেখা গেল দুই ভিন্ন রঙ, দুই ভিন্ন মুড, কিন্তু সমান নজরকাড়া দুটি লুকে। একটিতে ছিল সাহসী লাল, অন্যটিতে পুরোনো হলিউডের রাজকীয় গ্ল্যামার।

প্রথম উপস্থিতিতেই নজর কাড়েন চেরি-রেড রঙের একটি পোশাকে। নিউইয়র্কভিত্তিক ব্র্যান্ড অ্যাশলিনের স্প্রিং/সামার ২০২৬ রেডি-টু-ওয়্যার সংগ্রহের এই লুকে ছিল ফুলহাতা রাফলড পেপলাম টপ এবং ফিগার-হাগিং স্কার্ট। পোশাকটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল তাঁর বেবি বাম্প।
View this post on Instagram
তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার অভিনব স্টাইল স্টেটমেন্টের জন্য। মূল নকশায় যেখানে ছিল বোট নেকলাইন, অ্যান সেটি উল্টোভাবে পরে তৈরি করেন একটি স্কুপ-নেক লুক। এই ছোট্ট স্টাইলিং পরিবর্তনেই পোশাকটি পেয়ে যায় একেবারে নতুন মাত্রা। ফ্যাশনপ্রেমীদের চোখ এড়ায়নি বিষয়টি, আর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় ব্যাপক আলোচনা।
View this post on Instagram
লুকটি সম্পূর্ণ করতে তিনি বেছে নেন লাল স্ট্র্যাপি স্যান্ডেল এবং নিজের দীর্ঘদিনের সহযোগী বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড বুলগারির সোনালি টিউবোগাস চোকার ও টিউবোগাস ঘড়ি। সঙ্গে ছিল সূক্ষ্ম সোনালি কানের দুল, ককটেল রিং এবং টরটয়েসশেল ফ্রেমের সানগ্লাস।
মেকআপেও ছিল স্বাভাবিক সৌন্দর্যের ছোঁয়া। মাঝখানে সিঁথি করা খোলা চুল, উজ্জ্বল গোলাপি ঠোঁট, হালকা ব্লাশ, ফেদারড ভ্রু এবং ডিউই বেস পুরো লুককে করে তুলেছিল আরও পরিশীলিত।
অন্য একটি লুকে অ্যান যেন ফিরে গেলেন পুরোনো হলিউডের গ্ল্যামারের যুগে। এবার তিনি পরেছিলেন লেলা রোজের রিসোর্ট ২০২৭ সংগ্রহের মাসটার্ড গোল্ড রঙের স্ট্র্যাপলেস ভেলভেট ম্যাক্সি গাউন। পোশাকজুড়ে ছিল সূক্ষ্ম ফুলের নকশা, যা ভেলভেটের পোশাকটিকে আরও উজ্জ্বল করে তুলেছিল।

ফ্লোর লেনথ গাউনটি পুরো লুকে এনে দেয় রাজকীয় আবহ। অফ শোল্ডার গাউনের সঙ্গে তিনি পরেন বুলগারির সোনালি চোকার, সঙ্গে ব্রেসলেট, ককটেল রিং, ছোট কানের দুল এবং বড় ফ্রেমের সানগ্লাস। একই ধরনের প্রাকৃতিক মেকআপ ও খোলা চুল তাঁর এই লুকেও যোগ করে অনায়াস সৌন্দর্য।
View this post on Instagram
অ্যান হ্যাথাওয়ের এই দুই উপস্থিতি আবারও প্রমাণ করল, মাতৃত্বকালীন ফ্যাশন মানেই ঢিলেঢালা বা একঘেয়ে পোশাক নয়। সঠিক কাট, আত্মবিশ্বাসী স্টাইলিং এবং ব্যক্তিত্বের ছোঁয়ায় অন্তঃসত্ত্বা অবস্থাতেও তৈরি করা যায় স্মরণীয় ফ্যাশন মুহূর্ত। হলিউডে মাতৃত্বকালীন ফ্যাশনের নতুন অধ্যায়ে অ্যান হ্যাথাওয়ের এই প্রেস ট্যুর নিঃসন্দেহে হয়ে থাকবে অন্যতম স্মরণীয় স্টাইল স্টেটমেন্ট।








