গৌরনদীতে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাদ্রাসা ছাত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা ৫ বখাটের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলো- আগৈলঝাড়ার সেরাল গ্রামের জনি সেরেনিয়াবাত, সাব্বির হোসেন, গৌরনদীর জঙ্গলপট্টি গ্রামের সাকিল, রাহাত ও রমজান। ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, মধ্য জঙ্গলপট্টি দাখিল মাদ্রাসায় যাওয়া-আসার পথে ওই বখাটে যুবকরা আমার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্তসহ আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল। বুধবার দুপুরে মাদ্রাসা থেকে ৪ ছাত্রীর সঙ্গে আমার মেয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে জঙ্গলপট্টি গ্রাম সমিতির কাছে পৌঁছলে ওই বখাটেরা পূর্বের ন্যায় উত্ত্যক্ত করতে শুরু করে। এ সময় মেয়ে প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে চড়থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দেয়। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।