আর্জেন্টিনা বনাম মিসরের মধ্যকার বিশ্বকাপ খেলা দেখা কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বিচারের দাবিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। জানা যায়, জিমনেসিয়ামে ফুটবল খেলা প্রদর্শনকালীন পিএমই ও এআইএস বিভাগের এক শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে পিএমই বিভাগের শিক্ষার্থীরা জিমনেসিয়ামের বাইরে অবস্থান নেন। এ সময় এআইএস বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ জিমনেসিয়াম থেকে বের হয়ে শহীদ মিনারের কাছাকাছি আসলে তার ওপর হামলা করে আগে থেকে বাইরে অবস্থান নেওয়া পিএমই বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।








