ফুটবল বিশ্বকাপের জৌলুসে আড়ালে চলে গেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ। মেহেদী হাসান মিরাজদের ভাগ্য ভালো যে, সবাই বিশ্বকাপ নিয়ে মাতোয়ারা। তা না হলে তাদের একর পর এক হারে হইচই পড়ে যেত। এবারের জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ। হারারেতে বৃহস্পতিবার ১৩ রানে দ্বিতীয় ওয়ানডে হেরে এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশ ২-০তে সিরিজ হারল। সফরকারী দল প্রথম ওয়ানডে হেরেছিল ২৫ রানে।
২৪৮ তাড়া করতে নেমে বাংলাদেশ একসময় মাত্র ৬৫ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে ২৩৪ রানে পৌঁছে তারা শেষ ব্যাটার হিসাবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের (২৭) আউট হওয়ার মধ্য দিয়ে। বিফলে গেল ওপেনার তানজিদ হাসান (৫৭) ও তাওহিদ হৃদয়ের (৬০) ফিফটি এবং পরপর দুই ওভারে দুই উইকেট নেওয়া তাসকিন আহমেদের (২/৫৭) কীর্তি। দুই উইকেট নেন মিরাজও (২/৩২)। কিন্তু দিনশেষে সবই বৃথা। ওদিকে জিম্বাবুয়ে আট রানে দুই এবং ৩২ রানে তিন উইকেট হারিয়েও ২৪৭/৬ অবধি পৌঁছে ম্যাচসেরা ওপেনার বেন কারেনের সেঞ্চুরি (১১১) এবং ব্র্যাড ইভাসের ৩৮ বলে অপরাজিত ৫৮ রানের বদৌলতে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শনিবার। মান-সম্মান নিয়ে ফিরলেই হয়।








