ঢাকা মহানগরীর ৩০৯টি কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে। সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো উল্লেখ করা দেওয়া হয়। এগুলো মেনে চলতে নগরবাসী ও যানবাহনের চালকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে পরীক্ষার্থীদের রওয়ানা হওয়া; ব্যক্তিগত যানবাহনে আসা পরীক্ষার্থীরা কেন্দ্রের ঠিক সামনে না নেমে একটু দূরে কম ব্যস্ত স্থানে নামবে এবং পরীক্ষা শেষে ফেরার সময়ও একইভাবে গাড়িতে উঠতে হবে; কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের কাছের সড়কে যানবাহন পার্কিং করে রাখা যাবে না; পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে অভিভাবকদের অবস্থান না করা; পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর আগে সাধারণ যাত্রীদের পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কসমূহ যথাসম্ভব পরিহার করা। ঢাকা মহানগরের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং পরীক্ষার সুন্দর পরিবেশ উপহার দিতে ডিএমপি সর্বস্তরের নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করে।