সম্প্রতি ককরোচ জনতা পার্টির আন্দোলন চলাকালে যারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালিগালাজ করেছিলেন তাদের ‘ক্ষমা’র ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার গভীর রাতে এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন মোদি।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনলাইন সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) নয়াদিল্লি ও অন্যান্য শহরে বড় ধরনের বিক্ষোভ করে। এই বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোতে মোদি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আন্দোলন চলাকালে ব্যাপকভাবে প্রচারিত ভিডিওতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক স্লোগান দিতে দেখা গেছে। পুলিশ মেটা এবং এক্স-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে তৈরি করা আপত্তিকর ও বিকৃত বিষয়বস্তু সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ৭৫ বছর বয়সী মোদি বলেছেন, “যন্তর মন্তরে কী ঘটেছে তা দেশ ও বিশ্ব দেখেছে। কিছু দুষ্টু যুবক জঘন্য গালিগালাজ করেছে। এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে যা সভ্য সমাজে শোভা পায় না — শুধু আমাকে লক্ষ্য করেই নয়, আমার প্রয়াত মাকেও লক্ষ্য করে বলা হয়েছে… আমি তাদের ক্ষমা করতে চাই।”

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি মামলার প্রসঙ্গে মোদি বলেছেন, আইনি পদক্ষেপের পরিবর্তে পথনির্দেশনার মাধ্যমে ‘যুবকদের করা ভুলগুলো’ শুধরে দেওয়া উচিত।