যশোরের চৌগাছায় গ্রেফতারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলির মামলায় প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ছাত্রশিবির নেতা মো. ইসরাফিল হোসেন। গত ১৬ জুন তার জবানবন্দি রেকর্ড করা হয়। বৃহস্পতিবার ইসরাফিল হোসেনের সাক্ষ্যকে কাল্পনিক বলে আখ্যা দিয়েছেন আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম। তিনি দাবি করেছেন, মামলা থেকে বাঁচার জন্য ট্রাইব্যুনালে কাল্পনিক সাক্ষ্য দিয়েছেন ইসরাফিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে সাক্ষীকে জেরার সময় তিনি এ দাবি করেন। ২০১৬ সালে পুলিশের গুলিতে নিজের একটি পা হারান ২৯ বছর বয়সি ইসরাফিল হোসেন। এ মামলায় মোট আসামি আটজন। এর মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক। পলাতকরা হলেন, তৎকালীন এসপি আনিসুর রহমান, চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।কনস্টেবল সাজ্জাদুর ও কনস্টেবল জহরুলের হয়ে আইনি লড়াই করছেন আইনজীবী নজরুল ইসলাম।

ইসরাফিল জানান, ২০১৬ সালের ৩ আগস্ট যশোর শহরে থানা দায়িত্বশীলদের মাসিক বৈঠক ছিল। বৈঠক শেষে ফেরার পথে আটক করা হয় তাদের।