বিশ্বকাপের মতো বড় আসরে ফুটবলারদের মানসিক শক্তির অন্যতম উৎস তাঁদের পরিবার। গোল, সেভ কিংবা জয়ের নায়ক মাঠের খেলোয়াড়রা হলেও, গ্যালারিতে বসে যাঁরা প্রতিটি মুহূর্তে তাঁদের সাহস জোগান, সেই মানুষগুলোর অবদানও কম নয়। তাই আর্জেন্টিনার এই জয়ে গ্যালারির মুখগুলোও যেন সমানভাবে গল্পের অংশ হয়ে উঠেছে। তাঁদের উপস্থিতি যেন মনে করিয়ে দিয়েছে, মাঠে নেমেছেন ১১ জন ফুটবলার, কিন্তু গ্যালারিতেও ছিল আর্জেন্টিনার আরেকটি ''অদেখা একাদশ''। আর ম্যাচ শেষে জয়ের নায়করা উদযাপন করতে ছুটে যান সেখানেই।

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার জয়ের রাতে গ্যালারিতে দেখা মিলল ফুটবলারদের জীবনের সবচেয়ে কাছের মানুষদের।

লিওনেল মেসির জীবনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ছোটবেলার বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্ক আজ দুই দশকেরও বেশি সময়ের। তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে গ্যালারিতে ছিলেন আন্তোনেলা
স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের স্ত্রী আগাস্তিনা গানদোলফো একজন পরিচিত আর্জেন্টাইন ফিটনেস ইনফ্লুয়েন্সার, উদ্যোক্তা ও মডেল। দুই সন্তান নিনা ও থিওকে নিয়ে তিনিও ছিলেন গ্যালারিতে
মারিয়া এমিলিয়া ফেরেরোর সঙ্গে হুলিয়ান আলভারেজের পরিচয় কিশোর বয়স থেকেই। ক্যারিয়ারের শুরু থেকে সব গুরুত্বপূর্ণ মুহূর্তে আলভারেজের পাশে আছেন এমিলিয়া। গতকালের ম্যাচ শেষে ছেলে আমাদেওকে সঙ্গে নিয়ে ফ্রেম বন্দি হন তাঁরা
আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গী আইলেন কোভাও ছিলেন গ্যালারিতে তাদের একমাত্র মেয়ে আলাইয়াকে নিয়ে। তাই এই মিডফিল্ডারকে ম্যাচ শেষে গ্যালারিতেই দেখা যায়
গ্যালারিতে স্ত্রী আমান্দা মানদিনহা গামা ও তাঁদের দুই সন্তান সান্তি ও আভার উপস্থিতি এমিলিয়ানো মার্তিনেজের জন্য সবসময়ই বাড়তি আত্মবিশ্বাসের উৎস
ব্যক্তিগত জীবনের নানা আলোচনার পর আবারও একসঙ্গে দেখা যাচ্ছে এনজো ফার্নান্দেজ ও ভ্যালেন্তিনা সার্ভান্তেসকে। দুই সন্তান ওলিভিয়া ও বেঞ্জামিনকে নিয়ে গতকাল গ্যালারিতে ছিলেন ভ্যালেন্তিনা। ম্যাচ শেষে যোগ দেন ম্যাচের হিরোও
লিয়ান্দ্রো পারেদেসের স্ত্রী ক্যামিলা গালান্তের সঙ্গে তাঁর সম্পর্ক কৈশোর থেকে। তাঁদের তিন সন্তানকে নিয়ে গতকালের ম্যাচে গ্যালারি থেকে পারেদেসকে সমর্থন জানিয়েছেন ক্যামিলা।ম্যাচ শেষের ছবিতে তাঁদের চোখেমুখে ফুটে উঠেছে জয়ের উচ্ছ্বাস
লিসান্দ্রো মার্তিনেজের স্ত্রী মুরি লোপেজ বেনিতেজও পরিবারের সদস্যদের নিয়ে স্টেডিয়ামে ছিলেন। আর্জেন্টিনার জার্সি গায়ে স্বামীর জন্য উৎসাহ দিতে দেখা গেছে তাঁকে
এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে আছেন নিকোলাস তাগলিয়াফিকো ও ক্যারোলিনা কালভাগনি। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গ্যালারিতে নিয়মিতই দেখা যায় ক্যারোলিনাকে। গতকাল ম্যাচের পরেও তাগলিয়াফিকোর সঙ্গে ফ্রেম বন্দে হোন তিনি
২০২৫ সালের শেষ দিকে মডেল, উপস্থাপক ও ইনফ্লুয়েন্সার লুদমিলা ইসাবেলার সঙ্গে আর্জেন্টিনার ফরোয়ার্ড নিকোলাস গনসালেস সম্পর্ক প্রকাশ্যে আসে। বিশ্বকাপেও গ্যালারিতে ম্যাচ শেষের মুহূর্তে নিয়মিত দেখা যাচ্ছে লুদমিলা আর গনসালেসকে
আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে মূল একাদশে না থাকলেও তাঁর পরিবারের সদস্যদেরও গ্যালারিতে দেখা গেছে। জুলিয়ানো সিমিওনেকে সমর্থন জানাতে স্টেডিয়ামে হাজির ছিলেন তাঁর বান্ধবী ইরেনে আরিসা। আরও ছিলেন বাবা, আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও কোচ দিয়াগো সিমিওনে আর তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী কার্লা পেরেইরাও

ছবি: ইনস্টাগ্রাম

কোলাজ: হাল ফ্যাশন