ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের রাশ পুতিন সহজেই টানছেন না। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে সব ধরনের সমঝোতার সম্ভাবনাও প্রত্যাখ্যান করছেন। ক্রেমলিন সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের সাম্প্রতিক বড় আকারের ড্রোন হামলাকে ‘যুক্তি’ হিসেবে ধরে নিয়ে দেশটিতে হামলা চালিয়ে যাওয়ার কথা ভাবছেন। সামনের মাসগুলোতে রাশিয়ার আক্রমণের তীব্রতা আরও বাড়তে পারে। তবে, বরাবরের মতোই যেন বাস্তবতার বিপরীত কথা বলতে পছন্দ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যেমন তিনি অনেকদিন ধরে ভুল তথ্য দিয়ে এসেছেন তেমনি অসংলগ্ন মন্তব্য করেছেন রাশিয়া-ইউক্রেন ইস্যুতেও। গত সোমবার তিনি বলেন, পুতিন এই যুদ্ধ শেষ করতে চান এবং চুক্তি সম্পন্নের বিষয়টি মানুষের ধারণার চেয়ে দ্রুতগতিতে হচ্ছে। ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলাদা আলাদা ফোনালাপও হয়েছে। ন্যাটো সম্মেলনে জেলেনস্কিও বলেছেন, শান্তি আনতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তাদের। পুতিন সংস্লিষ্ট এক সূত্রের বরাতে জানা গেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের বাকি অংশ দখলের মূল লক্ষ্য অর্জনে রাশিয়ার প্রেসিডেন্ট তার অবস্থানে অনড় রয়েছেন। জুনেও জেলেনস্কির দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন পুতিন।