বিশ্বব্যাপী নানা বিপর্যয়ের মধ্যে সুদানে গৃহযুদ্ধের প্রভাবে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকট অন্যতম। একে মারাত্মক মানবিক বিপর্যয় বলে উল্ল্যেখ করেছে জাতিসংঘ। এমন উদ্বেগের মধ্যেই গোপনে বৈঠক করেছে সুদান গণহত্যায় নিযুক্ত দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের আয়োজনে গোপন এ বৈঠকে আরএসএফের রাজনৈতিক শাখার প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

বুধবার (২২ জুলাই) যুক্তরাজ্যের উইলটন পার্কের গোপন বৈঠকের বিষয়ে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। তবে, এ বৈঠকে গুরুত্বপূর্ণ অনেক পক্ষকে আমন্ত্রণ না জানানো অত্যন্ত উদ্বেগজনক বলে মত দিয়েছেন অনেক বিশ্লেষক।

ছবি: আনাদোলু এজেন্সি

এদিকে, যুক্তরাজ্যের নতুন মন্ত্রীসভা গঠনের দুই দিন পরই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। তবে, লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রথম বক্তব্যে সুদান বা দেশটির যুদ্ধ পরিস্থিতি নিয়ে কিছু উল্লেখ করেননি।

মিডল ইস্ট আইয়ের তথ্য অনুযায়ী, সুদানের আধাসামরিক বাহিনীর রাজনৈতিক জোট ‘তাসিস’-এর নেতা নাসরেদ্দিন আবদুলবারি যুক্তরাজ্যের আয়োজিত উইলটন পার্ক সম্মেলনে অংশ নিচ্ছেন। তার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি প্রতিনিধিদলও রয়েছে।

ছবি: আনাদোলু এজেন্সি

বুধবার থেকে শুক্রবার (২২-২৪ জুলাই) পর্যন্ত চলা এই সম্মেলনে সুদানের সেনাবাহিনী-সমর্থিত সরকারকে আমন্ত্রণ জানানো হয়নি। ব্রিটিশ সরকারের একাধিক সূত্র এই আয়োজনকে ‘গোপনীয়’ বা ‘নির্দিষ্ট পরিসরের’ বৈঠক হিসেবে বর্ণনা করেছে।

ইয়েলের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবের (এইচআরএল) নির্বাহী পরিচালক ন্যাথানিয়েল রেমন্ড ব্রিটিশ পার্লামেন্টের একটি কমিটিকে জানিয়েছিলেন যে, সুদানে নৃশংসতা ঠেকানোর চেয়ে যুক্তরাজ্য আমিরাতের সঙ্গে সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ)-এর সঙ্গে যুদ্ধে লিপ্ত আধা-সামরিক বাহিনী আরএসএফ। এই সংগঠনটির বিরুদ্ধে দারফুরে গণহত্যাসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও এ বিষয়ে অভিযোগ তুলেছে। আরএসএফকে আমিরাত সমর্থন দিচ্ছে বলে অভিযোগ থাকলেও আবুধাবি তা অস্বীকার করে আসছে।

আরও পড়ুন>>
সুদান সংকট: স্বর্ণে জ্বলজ্বল, ক্ষুধায় আর্তনাদ

এছাড়া সুদান ইস্যুতে যুক্তরাজ্য সাম্প্রতিক সময়ে আরএসএফের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত জুন মাসে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ সরকার বলেছিল, এল-ফাশের শহরে সংঘটিত অপরাধগুলো বহন করে।

গত তিন বছরে আমিরাতে ৪২২ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫৬৫ মিলিয়ন ডলার) মূল্যের অস্ত্র রপ্তানি করে যুক্তরাজ্য। সুদানের যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ তৈরি সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সুদানের যুদ্ধকে বর্তমানে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট হিসেবে বিবেচনা করা হয়। এতে কয়েক লাখ মানুষ নিহত এবং ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ, ইরানে পুনরায় শুরু হওয়া যুদ্ধ এবং গাজা পরিস্থিতি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বর্তমানে বেশি গুরুত্ব পাচ্ছে। কিছু কূটনৈতিক সূত্র আশা করছে, মিলিব্যান্ড সুদানে ইউএইর ভূমিকার বিষয়ে কঠোর অবস্থান নিতে পারেন।

কেএম