ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানাজায় উপস্থিত ইরানের শীর্ষ নেতৃত্বকে ‘এক হামলায়’ হত্যা করা সম্ভব ছিল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে বলেছে, দেশটির ‘সভ্যতা, ইতিহাস ও সম্মানবোধ নেই’।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রোববার (৫ জুলাই) আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি তাদের ২৫০তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেছে।

ইরানি দূতাবাসের বার্তায় বলা হয়, মানুষকে হত্যা করা সম্ভব হলেও কোনো আদর্শকে হত্যা করা যায় না। সেখানে আরও বলা হয়, “আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে।”

বার্তায় যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে আরও বলা হয়, “আপনারা এসব বুঝবেন না। কারণ আপনাদের সভ্যতা নেই, ইতিহাস নেই এবং সম্মানও নেই।”

মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের পরই ইরানের এ প্রতিক্রিয়া আসে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আয়াতুল্লাহ খামেনির জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখে তিনি বিস্মিত হয়েছেন। তিনি মন্তব্য করেন, “আমি ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে। হয়তো এসব কান্নাও নকল হতে পারে।”

একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জানাজায় উপস্থিত ইরানের শীর্ষ নেতাদের চাইলে যুক্তরাষ্ট্র একটি মাত্র হামলার মাধ্যমে হত্যা করতে পারত। তবে আলোচনার সুযোগ বজায় রাখার স্বার্থে তা করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

অ্যাক্সিওসের প্রতিবেদনে উদ্ধৃত ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, “তারা সবাই সেখানে উপস্থিত ছিল। আমরা চাইলে এক হামলাতেই তাদের শেষ করে দিতে পারতাম। কিন্তু আমরা তা করিনি, কারণ তখন আলোচনার জন্য আর কাউকে পাওয়া যেত না।”

এদিকে রোববার তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচিত মোজতাবা খামেনিসহ পরিবারের সদস্য এবং ইরানের শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।

খামেনির মরদেহ বর্তমানে তেহরানের মোসাল্লা প্রাঙ্গণে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, কূটনীতিক ও প্রতিনিধিরাও সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

তেহরান, কোম, নাজাফ ও কারবালায় কয়েক দিনের শোকানুষ্ঠান ও শোকযাত্রা শেষে আগামী ৯ জুলাই তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

The post যুক্তরাষ্ট্রের ‘সভ্যতা ও সম্মান নেই’—ট্রাম্পকে ইরানের কড়া জবাব appeared first on ZoomBangla.