রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনেকে দেওয়া সামরিক সহায়তার গোপন তথ্য প্রকাশ করতে যাচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ এসব তথ্য প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। রোববার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইউক্রেনিফর্ম।

এর আগে পোলিশ গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, চলতি বছরের শুরুতে পোল্যান্ড গোপনে ইউক্রেনকে প্যাট্রিয়ট (Patriot) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য মতে, পোল্যান্ড সরকার ২০২৬ সালে গোপনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কাছে এমআইএম-১০৪ প্যাট্রিয়ট (MIM-104 Patriot) দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (সারফেস-টু-এয়ার) ইন্টারসেপ্টর হস্তান্তর করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর নিজস্ব কার্যকর মজুত থেকে নেওয়া হয়, যা দেশটির দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে ব্যবহৃত হচ্ছিল। প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ন্যাটোভুক্ত দেশগুলোর অস্ত্রভাণ্ডারের অন্যতম ব্যয়বহুল অস্ত্র।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেছেন, পোল্যান্ড বর্তমানে এমন ব্যক্তিদের অনুসারীদের অস্ত্র সরবরাহ করছে যারা একসময় পোলিশদের হত্যার সঙ্গে জড়িত ছিল।

টেলিগ্রামে দেওয়া বার্তায় জাখারোভা বলেন, এখন সব তথ্য-প্রমাণ সামনে এসেছে। ওয়ারশ কাদের অস্ত্র দিচ্ছে, তা স্পষ্ট। তারা নিজেদের পূর্বপুরুষদের হত্যাকারীদের অনুসারীদেরই অস্ত্র সরবরাহ করছে।

পোলান্ডের প্রতিরক্ষামন্ত্রী কোসিনিয়াক-কামিশ জানান, জনস্বার্থ ও আইনের প্রতি দায়বদ্ধ থেকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক-এর সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে ইউক্রেনে পাঠানো সব সামরিক সহায়তার তথ্য অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

কোসিনিয়াক-কামিশ বলেন, সাবেক ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস (PiS) সরকারের আমলে ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন মারিঊস।

তিনি আরও জানান, প্রতিটি সামরিক চালানের বিষয়ে পোল্যান্ডের রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন কারোল নাওউরচকি।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের চেষ্টা কারা করেছে তা খতিয়ে দেখতে দেশটির সামরিক পাল্টা গোয়েন্দা সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, শনিবার (৪ জুলাই) পোল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ সেইমের ডেপুটি স্পিকার ক্রযিয়েস্টেভ বোসাক দাবি করেন, মার্চ মাসে পার্লামেন্টকে না জানিয়েই সরকার গোপনে ইউক্রেনকে ব্যয়বহুল ও সহজে প্রতিস্থাপনযোগ্য নয় এমন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র হস্তান্তর করেছে।

প্রতিবেদনের তথ্য মতে, বিরোধী দলও এ ঘটনার সমালোচনা করেছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্লাশচাক বলেন, বিষয়টি দ্রুত ও বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে এবং এত গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের নীরবতা বোধগম্য নয়।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনের জরুরি ভিত্তিতে আরও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন।

কেএম