যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত সরাসরি কোনো উচ্চপর্যায়ের বৈঠক হবে না বলে জানিয়েছে ইরান। এমন অবস্থানে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অগ্রগতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংলাপ ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
তবে কাতার স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা চললেও বর্তমানে কোনো উচ্চপর্যায়ের বৈঠকের সূচি নেই।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বুধবার কাতারের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সমঝোতা বাস্তবায়ন এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদের বিষয়টি গুরুত্ব পাবে।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে অন্তত ৩২টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ১৭টি জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করেছে, যার সাতটি তেলবাহী ট্যাংকার এবং ১০টি পণ্যবাহী জাহাজ। একই সময়ে উপসাগর থেকে বেরিয়ে গেছে আরও ১৫টি জাহাজ।
The post যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক নয়: ইরান appeared first on ZoomBangla.








