রংপুরে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৭ লাখ টাকার চুক্তিতে ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নিতে গিয়ে তারা ধরা পড়েন।গ্রেপ্তারকৃতরা হলেন-রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম (৪৮), নিয়োগপ্রত্যাশী আশরাফুল ইসলাম (২১), তাজমিলুর রহমান (১৯) ও নুরুল ইসলাম (৪৬)।পুলিশ জানায়, শুক্রবার বিকেলে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে জালিয়াতির চেষ্টা করেন আশরাফুল ইসলাম। কেন্দ্রের ফেস ডিটেকশন পয়েন্টে তার প্রবেশপত্র যাচাইকালে সন্দেহ হলে ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে আশরাফুল স্বীকার করেন যে তার প্রবেশপত্রটি ভুয়া। এ সময় তার পক্ষে প্রক্সি দিতে আসা তাজমিলুর রহমানকেও আটক করা হয়।জিজ্ঞাসাবাদে আশরাফুল জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তা বাদশা মাসউদ আলম ও নুরুল ইসলামের সঙ্গে ১৭ লাখ টাকার বিনিময়ে এএসআই পদে চাকরি পাওয়ার চুক্তি হয়েছিল তার। এই চুক্তির অংশ হিসেবে তিনি অগ্রিম আড়াই লাখ টাকাও প্রদান করেন। চক্রটি তাকে হোয়াটসঅ্যাপে একটি ভুয়া প্রবেশপত্র পাঠিয়ে দেয়। অবাক করার বিষয় হলো, আশরাফুল প্রাথমিক কোনো শারীরিক পরীক্ষাতেই অংশ নেননি; সরাসরি ভুয়া প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষা দিতে এসেছিলেন।রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের জাহাজ কোম্পানি মোড় থেকে ফায়ার সার্ভিস কর্মকর্তা বাদশা মাসউদ আলমকে গ্রেপ্তার করা হয়। তার মুঠোফোনে জালিয়াতি, আর্থিক লেনদেন ও ভুয়া প্রবেশপত্র সংক্রান্ত পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে।রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, এ ঘটনায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় প্রতারণা ও জালিয়াতির মামলা করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাণিজ্য
১৭ লাখে এএসআই পদে চাকরি, ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

শেয়ার করুন







