বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন নিয়োগপ্রত্যাশী চাকরিপ্রার্থীরা। রোববার (২ আগস্ট) মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু করবেন তারা।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিপ্রত্যাশী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এনটিআরসিএর বিধিমালা অনুযায়ী প্রতিবছর একটি করে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে। তবে দুই বছর আট মাস পেরিয়ে গেলেও এখনো নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এর ফলে হাজারও চাকরিপ্রার্থীর বয়স শেষ হয়ে যাচ্ছে। অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কয়েক লাখ বিজ্ঞপ্তি প্রত্যাশী।
আরও পড়ুন
আগস্টেই যোগদান চান প্রাথমিকের নতুন শিক্ষকরা, কর্মসূচিতে অনড়
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হওয়ার অধিকার আদায়ে রোববার সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে, একইদিনে যোগদান ও পদায়নের নির্দিষ্ট রূপরেখার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী।
এএএইচ/এমএএইচ/








