দেশের উদীয়মান ও প্রতিভাবান ক্রীড়াবিদদের খোঁজে ১৮ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে দেশের ক্রীড়াঙ্গনের বৃহৎ এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞপ্তিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, জাতীয় পর্যায় থেকে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

কর্মসূচির গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ক্যারিয়ার গঠনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নিজেই এই খুদে ও তরুণ অ্যাথলেটদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে প্রতিভাবানদের বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগ করে দেওয়া হবে, যা দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।’

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ দেখে নিন

ঢাকার চারটি ভিন্ন ভেন্যুতে মোট আটটি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো মিরপুর ইনডোর স্টেডিয়াম, মিরপুর সুইমিংপুল, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়াম।

মাঠের লড়াই যদিও শুরু হয়ে যাবে ১৮ জুলাই থেকেই, তবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ জুলাই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

নেইমারকে তাঁর বাবার অনুরোধ, ফুটবল ছেড়ো না