বিশ্বজুড়ে গত বছর কার্বন নির্গমন বেড়ে যায়। এর প্রায় এক-তৃতীয়াংশের জন্যই দায়ী যুক্তরাষ্ট্র। দেশটিতে গ্যাসের দাম বেড়ে গেছে। ফলে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে আবার কয়লার দিকে ঝুঁকেছে। এ কারণে বেড়েছে কার্বন নির্গমন। লন্ডনভিত্তিক পেশাজীবী প্রতিষ্ঠান এনার্জি ইনস্টিটিউটের মঙ্গলবারের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন তৈরিতে এনার্জি ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে কাজ করেছে এম্বার, কার্নি ইনস্টিটিউট ও কেপিএমজি। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, গত বছর যুক্তরাষ্ট্রে কয়লার ব্যবহার ১০ শতাংশ বাড়ে। এটি পরিবেশবান্ধব জ্বালানির দিকে যাওয়ার ঠিক উলটো প্রবণতা। পাশাপাশি এটি সার্বিক কার্বন নির্গমনও বাড়িয়ে দেয়। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বে জ্বালানি খাত থেকে কার্বন নির্গমন ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। নির্গমনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮০৬ মিলিয়ন মেট্রিক টনে। এই বৃদ্ধির এক-তৃতীয়াংশের বেশি ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১০ বছর ধরে উত্তর আমেরিকায় কার্বন নির্গমন শূন্য দশমিক ৭ শতাংশ হারে কমছিল। কিন্তু এবার সেই ধারা ভেঙে গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে ইউরোপের জ্বালানি খাত থেকে কার্বন নির্গমন শূন্য দশমিক ৫ শতাংশ বাড়ে। অন্যদিকে চীনে এই নির্গমন বাড়ে শূন্য দশমিক ৭ শতাংশ।








