গেমিং জায়ান্ট সনি ঘোষণা করেছে, ২০২৮ সালের জানুয়ারি থেকে নতুন প্লে স্টেশন গেমগুলো আর ডিস্ক আকারে প্রকাশিত হবে না। দোকানে গেমগুলো পাওয়া যাবে, তবে সেগুলো ডিজিটাল কোডের মাধ্যমে কিনতে হবে। সনি জানিয়েছে, গ্রাহকদের পছন্দ ও বিনোদনজগতের ডিজিটাল মাধ্যমের দিকে ঝুঁকে পড়ায় এই সিদ্ধান্ত হয়েছে। এর মাত্র কয়েক দিন আগে ‘রকস্টার’ গেমসের বহুল প্রতীক্ষিত জিটিএ ৬ ডিস্ক ছাড়াই বাজারে ছাড়ার ঘোষণা দেয় সনি।
এই সিদ্ধান্ত গেমিং শিল্পে ডিজিটাল মাধ্যমের আধিপত্যের ইঙ্গিত দিলেও অনলাইনে তীব্র সমালোচনার মুখে পড়েছে। গেমিং সাংবাদিক ভিকি ব্লেকের মতে, ভোক্তা অধিকারের জন্য বিষয়টি বড় এক ধাক্কা। এটি গেম সংরক্ষণ এবং কম আয়ের গেমারদের ওপর প্রভাব ফেলবে। কারণ, তাঁরা গেমের উচ্চ মূল্য এড়াতে বন্ধুদের থেকে ধার নেওয়া কিংবা পুরোনো গেম বিক্রির সুবিধা হারাবে। তা ছাড়া স্বাধীন খুচরা বিক্রেতারা এটিকে গ্রাহকদের মালিকানা অধিকার এবং খুচরা ব্যবসার ওপর একধরনের আঘাত হিসেবে বিবেচনা করছেন।
এরই মধ্যে স্টুডিও ক্যানালের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় গ্রাহকদের কেনা ৫০০টির বেশি সিনেমা ও টিভি শো কোনো ক্ষতিপূরণ ছাড়াই সনি তাদের স্টোর থেকে সরিয়ে নেওয়ায় ডিজিটাল মালিকানার বিষয়টি আরও বিতর্কের জন্ম দিয়েছে। তবে সনি বিষয়টি স্পষ্ট করে বলেছে, ২০২৮ সালের আগে মুক্তি পাওয়া গেমগুলোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।
সূত্র: বিবিসি






