যুগান্তরে সংবাদ প্রকাশের পর দশমিনা উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ হাসানকে বদলি করা হয়েছে। এর আগে, চলতি বছরের ২২ জুন দশমিনায় সরকারি বরাদ্দের টাকা আইসিটি কর্মকর্তার পকেটে শিরোনামে অনিয়মের সংবাদ প্রকাশ হয়। এছাড়াও একই বছরের এপ্রিলে কর্মস্থলে অনুপস্থিত ও ২০ ফেব্রুয়ারি দায়িত্বে অবহেলা নিয়ে যুগান্তরে পৃথক সংবাদ প্রকাশ হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ আগস্ট রাঙ্গাবালী উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ হাসানকে দশমিনায় বদলি করা হয়। এক বছর পূর্ণ হওয়ার আগেই সবশেষ ২২ জুন যুগান্তরে সংবাদ প্রকাশে পর ওই আইসিটি অফিসারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ৫ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে মানিকগঞ্জ সদর উপজেলায় বদলি করা হয়। বিষয়টি সোমবার বিকালে জানাজানি হয়।







