আর্জেন্টিনার ইতিহাসে সেরা কোচ কে এটা নিয়ে নানা নাম নিয়ে তর্ক থাকতেই পারে। তবে গত ৪০ বছরের সেরা কোচ কে সেটা নিয়ে আসলে কারোর দ্বিধা থাকা উচিত নয়। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুটি কোপা আমেরিকা জেতানো কোচ লিওনেল স্কালোনিকে আরও পাঁচ বছর জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে।

ইএসপিএন এর প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সাথে মৌখিক সমঝোতার পর আর্জেন্টিনা তাদের প্রধান কোচ হিসেবে লিওনেল স্কালোনিকে ২০৩১ সাল পর্যন্ত ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই উভয় পক্ষ চুক্তির মেয়াদ দীর্ঘায়িত করার বিষয়ে একমত হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।

জানা গেছে, স্কালোনি অনুরোধ করেছেন যেন তার ভবিষ্যৎ নিয়ে সব আলোচনা টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়। কারণ, তিনি বর্তমানে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনেই সম্পূর্ণ মনোযোগ দিতে চান। এই সমঝোতার ফলে ৪৮ বছর বয়সী এই কোচ ২০৩০ ফিফা বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন। ২০৩০ সালের সেই বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কোতে অনুষ্ঠিত হবে এবং এর উদ্বোধনী ম্যাচগুলো আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে।

শুক্রবার কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ রাউন্ড অব ৩২-এর ম্যাচটি স্কালোনির জন্য একটি বড় ব্যক্তিগত মাইলফলক হতে যাচ্ছে। কারণ এই ম্যাচে তিনি শততমবারের মতো আর্জেন্টিনার ডাগআউটে দলের দায়িত্ব সামলাবেন।

২০১৮ সালে হোর্হে সাম্পাওলির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে স্কালোনি আর্জেন্টিনাকে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত করেছেন এবং আলবিসেলেস্তেদের ৪টি বড় শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে দলটি ২০২১ কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা কাটায়।

এরপর তারা কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপ জয় করে। এর আগে সে বছরই ফিনালিসিমা শিরোপা ঘরে তোলে এবং ২০২৪ কোপা আমেরিকায় নিজেদের দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্ব ধরে রাখে। যুক্তরাষ্ট্রেও আর্জেন্টিনা তাদের সেই দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে, আলজেরিয়া (৩-০), অস্ট্রিয়া (২-০) ও জর্ডানকে (৩-১) হারিয়ে তারা নিজেদের বিশ্বকাপ গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে।

কেপ ভার্দের বিপক্ষে জয় পেলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে, যেখানে তারা অস্ট্রেলিয়া অথবা মিশরের মুখোমুখি হবে।

আরআর/আইএন