সোমবার টেক্সাসের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় ব্রাজিল ও জাপান মাঠে নামলে কোটি কোটি ব্রাজিল সমর্থকের মনে থাকবে একই প্রশ্ন, সেলেসাওরা কি পরের রাউন্ডে উঠতে পারবে?
তবে ‘বোলা দে ক্রিস্তাল’র (ক্রিস্টাল বল) ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তাহলে ৯০ মিনিটে সেই প্রশ্নের উত্তর মিলবে না। ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে সমানে সমান লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে গ্লোবোর পূর্বাভাসভিত্তিক মডেল।
তাদের মতে, নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হতে পারে। তবে শেষ পর্যন্ত ব্রাজিলই পরের রাউন্ডে জায়গা করে নেবে। সিমুলেশন অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৩৬.৩ শতাংশ, যেখানে জাপানের জয়ের সম্ভাবনা ২৩.২ শতাংশ। তবে সবচেয়ে সম্ভাব্য ফলাফল হিসেবে উঠে এসেছে ড্র, যার সম্ভাবনা ৪০.৪ শতাংশ।
তবুও পুরো ম্যাচের হিসাব করলে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনায় এগিয়ে ব্রাজিল। মডেল অনুযায়ী, সেলেসাওদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ৫৬.৬ শতাংশ, আর জাপানের ৪৩.৪ শতাংশ।
ব্রাজিলের সম্ভাবনা নিয়ে মিনাস জেরাইস ফেডারেল বিশ্ববিদ্যালয়ের (ইউএফএমজি) গণিত বিভাগের অধ্যাপক এবং বোলা দে ক্রিস্তাল প্রকল্পের সাথে জড়িত গিলসিওনি কস্তা বলেন, ‘ব্রাজিলের পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি হলেও ম্যাচটি টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা বেশ বেশি। ব্রাজিল সামান্য এগিয়ে থাকলেও জাপান যে শক্তিশালী দলের বিপক্ষেও ড্র করতে পারে, সেটি তারা ইতোমধ্যে প্রমাণ করেছে। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ ড্র তারই উদাহরণ।’
আরএএইচইউএল/আইএন/এএসএম








