২৪-এর গণঅভ্যুত্থান পুরনো সুবিধাভোগীদের সরিয়ে নতুন সুবিধাভোগী তৈরির আন্দোলন ছিল কি না, প্রশ্ন রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (৫ আগস্ট) সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এই প্রশ্ন রাখেন।
রুমিন ফারহানা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান ছিল অন্যায়, নিপীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নিয়ে নির্যাতনের বিরুদ্ধে।
তিনি বলেন, সাধারণ মানুষ চেয়েছিল একটি বৈষম্যহীন সমাজ। অভ্যুত্থানের দুই বছর পার হয়েছে। আমরা কি সেরকম একটা বাংলাদেশ রচনা করতে পেরেছি।
“যদি না পারি, তাহলে এই অভ্যুত্থান একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার, কিছু সুবিধাভোগীর পরিবর্তে নতুন সুবিধাভোগী তৈরির আন্দোলন ছিল। যদি তাই হয়, তাহলে কেন ৮০০ ওপর মানুষ জীবন দিল, কয়েক হাজার মানুষ পঙ্গু হলো, আহত হলো, চোখ হারাল।”- যোগ করেন তিনি।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান রুমিন ফারহানা।
আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন তিনি।








