ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) শেষ হয়েছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বুধবার (১৫ জুলাই) চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা দেন।
এই অধিবেশন মোট ২৬ কার্যদিবসে অনুষ্ঠিত হয়েছে। বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪টি কার্যদিবসে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়। আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য। বাজেট অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে। কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ প্রাপ্ত হয়। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা হয়।
আরও পড়ুন
সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী
এছাড়া, ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে। ১৩১ বিধি অনুযায়ী ৪টি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি হয়েছে। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উত্থাপিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে এবং ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
আরও পড়ুন
সংসদে শিক্ষামন্ত্রী / দুর্যোগে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ফের সুযোগ
এই অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠিত হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠিত হয়েছে।
সবশেষ ডেপুটি স্পিকার দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সবার প্রতি সশ্রদ্ধ অভিবাদন ও আন্তরিক শুভকামনা জানিয়ে দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।
এমওএস/কেএসআর








