সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে চটগ্রামে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই রাজধানী ঢাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

jagonews24

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকায় থেমে থেমে আরও বৃষ্টি হতে পারে। আগামী ১৪ জুলাই থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে ঢাকায় ভারী বৃষ্টিতে অনেক এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমেছে। নানা শ্রেণি-পেশার মানুষকে বৃষ্টি মাথায় নিয়েই গন্তব্যে ছুটতে দেখা গেছে।

jagonews24

সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, সাতসকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টি থেকে রক্ষায় কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে। কেউ কেউ রেইনকোট পরে গন্তব্যে ছুটেছেন।

আরএএস/বিএ