কয়েক দিন ধরে টানা বর্ষণের পর আজ সপ্তাহের প্রথম কার্যদিবসেই চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। আজ রবিবার (১২ জুলাই) ভোর ৫টা থেকেই ঢাকার আকাশ ভেঙে নেমেছে ঝুম বৃষ্টি। ​টানা বৃষ্টিতে মিরপুর, মতিঝিল, নয়াপল্টন, মালিবাগসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। অনেক রাস্তায় এরই মধ্যে জমে গেছে হাঁটুপানি, কোথাও কোথাও পানি কোমর পর্যন্ত ঠেকেছে। ফলে সকালে যারা অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তারা পড়েছেন চরম বিপাকে। শিক্ষার্থী, পথচারী এবং গণপরিবহন সংকটে পড়া মানুষদের রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল থমকে যাওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।এদিকে রাজধানী ঢাকার বাইরে দেশের অন্যান্য অঞ্চলের বন্যা ও দুর্যোগ পরিস্থিতি আরও আশঙ্কাজনক রূপ নিয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত ছয় দিনে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ওই অঞ্চলের প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাহাড়ি ঢল ও বন্যার পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম অঞ্চলের প্রায় ২৪২ কিলোমিটার সড়ক, যার ফলে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির এই ধারা এখনই থামছে না। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে দেশের চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।