বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকা সত্ত্বেও টেকনাফ থেকে তিনটি কাঠের সার্ভিস ট্রলারে করে প্রায় ১৪০ জন যাত্রী ও খাদ্যসামগ্রী সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় টেকনাফের কায়ুকখালী নৌঘাট থেকে ট্রলারগুলো যাত্রা শুরু করে। উত্তাল সমুদ্রের কারণে টানা ১০ দিন টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকায় চিকিৎসা, কেনাকাটা ও জরুরি কাজে টেকনাফে এসে আটকে পড়েছিলেন সেন্টমার্টিনের বহু বাসিন্দা। দীর্ঘদিন হোটেল ও স্বজনদের বাড়িতে অবস্থান করতে গিয়ে অনেকেই আর্থিক সংকটে পড়েছেন।
উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে আটকে থাকা বাসিন্দাদের সঙ্গে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও ট্রলারে পাঠানো হয়েছে। সেন্ট মার্টিনের প্রায় ৩০০ পরিবারের জন্য খাদ্যসহায়তাও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।
টেকনাফ কায়ুকখালী নৌঘাটে সেন্ট মার্টিন সার্ভিসের দায়িত্বে থাকা মো. জুবাইর বলেন, ‘আটকে থাকা যাত্রীদের ট্রলারে তুলে দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও পাঠানো হয়েছে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছাবেন বলে আশা করছি।’
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মাহফুজা আক্তার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে আটকে থাকা সেন্ট মার্টিনের বাসিন্দাদের ট্রলারে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে খাদ্যসামগ্রীও দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা দোয়া করি সবাই যেন নিরাপদে পৌঁছান। আমাদের সেন্ট মার্টিনের মানুষের কষ্ট কেউ বোঝে না। কাজ নেই, আয় নেই, অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে।’
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, জীবনের ঝুঁকি থাকলেও দীর্ঘদিন পরিবারের বাইরে আটকে থাকা, কর্মসংস্থানের অভাব ও আর্থিক দুর্ভোগের কারণে যাত্রীরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। প্রশাসন জানিয়েছে, সেন্ট মার্টিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।








