মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামে টানা ভারি বৃষ্টি ও পানির প্রবল স্রোতে কালভার্ট ধসে পড়েছে। এতে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে পাশের খালের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। শুক্রবার (১০ জুলাই) দুপুরে প্রবল পানির চাপে কালভার্টটির নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে একপর্যায়ে সম্পূর্ণ ধসে পড়ে।
কালভার্টটি ধসে যাওয়ায় শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবীসহ প্রতিদিন এ পথে চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করছেন। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে খাল পারাপার করছেন।
এ বিষয়ে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নতুন করে কালভার্ট নির্মাণের বিষয়ে এলজিইডির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








