আজ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের জন্মদিন। তবে এবারের জন্মদিনটা ভিন্নভাবে উদ্যাপন করছেন ছোট পর্দার আলোচিত এই অভিনেত্রী। ৩০তম জন্মদিনে সুন্দরবনে ৩০০ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন তিনি। পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বুকে ৩০০টি ম্যানগ্রোভ গাছ রোপণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি।
সুন্দরী ইকো রিসোর্টের সহযোগিতায় তাঁর এই বিশেষ পরিবেশবান্ধব উদ্যোগ সম্পন্ন হয়।
নিজের এই উদ্যোগ নিয়ে চমক বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট-পাথর আর ভালো লাগে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে।’
‘সারা জীবন একই কাজ করে মরে যেতে চাই না’সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে চমক আরও বলেন, ‘সুন্দরবন আমাদের এক বিশাল সম্পদ, যা বুক পেতে আমাদের সব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু নানা কারণে আমাদের এই বনের আয়তন ছোট হয়ে আসছে, বন্য প্রাণীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমি সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমাকে যাঁরা ভালোবাসেন বা ফলো করেন, তাঁদের কাছে এই বার্তা পৌঁছানো আমার একটি লক্ষ্য ছিল।’









