ফিফা বিশ্বকাপে মুড়ি-মুড়কির মতো গোল হচ্ছে। এ পর্যন্ত প্রতিটি ম্যাচে গড়ে তিনটি করে গোল হয়েছে। ৫৪ ম্যাচে ১৬১ গোল। ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্ট এ নিয়ে বিবিসির এক অনুষ্ঠানে দাবি করেন, ট্রাইওন্ডা বলের জন্য এত গোল হচ্ছে। ট্রাইওন্ডা বল হঠাৎ গতি বাড়িয়ে ফেলে। ফলে গোলরক্ষকরা বিভ্রান্ত হচ্ছেন। গবেষকদের মতে, এই বলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চার-প্যানেলের নকশা। ২০২২ কাতার বিশ্বকাপের আল রিহলা বলে ছিল ২০টি প্যানেল। সেখানে ট্রাইওন্ডায় মাত্র চারটি বড় প্যানেল ব্যবহার করা হয়েছে। এছাড়া বলের কোন অংশে শট নেওয়া হচ্ছে-খাঁজে নাকি সমতল অংশে এবং ম্যাচটি সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্ছতায় হচ্ছে, তার ওপরও বলের গতি ও আচরণ বদলে যাচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে। হার্টের ভাষায়, গোলরক্ষকদের মস্তিষ্ক যে গতির হিসাব করে, মাঠে বাস্তবে বলটি তার সঙ্গে মিলছে না। ফলে সঠিক সময়েও ডাইভ দিয়ে অনেক ক্ষেত্রে বল ঠেকানো যাচ্ছে না।

বলের নির্মাতা অ্যাডিডাসের দাবি, ৩০০-রও বেশি পরীক্ষার পর ট্রাইওন্ডা তৈরি করা হয়েছে। যাতে এর গতিপথ আরও নির্ভুল হয়।