হারারে স্পোর্টস ক্লাবে আগামীকাল (রোববার) জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। ম্যাচের আগে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, কন্ডিশনের সঙ্গে দল ভালোভাবেই মানিয়ে নিয়েছে এবং ভালো ক্রিকেট খেলতে প্রস্তুত তারা।
বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার আগেভাগেই হারারেতে পৌঁছানোয় কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন বলে জানান শান্ত। পরে যোগ দেওয়া ক্রিকেটাররাও অনুশীলনের মাধ্যমে নিজেদের মানিয়ে নিয়েছেন বলে বিশ্বাস তার।
শান্ত বলেন, ‘আমরা বেশ কিছু প্লেয়ার কয়েকদিন আগে এসেছি। ওই অ্যাডজাস্টমেন্টটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই হয়েছে। আমি আশা করছি, ম্যাচের জন্য আমরা এখন পুরোপুরিভাবে প্রস্তুত। কিছু প্লেয়ার পরে এসেছে; কিন্তু ওরাও গত কয়েকদিনের অনুশীলনে অনেকটাই অ্যাডজাস্ট করে ফেলেছে। আশা করছি, ম্যাচে খুব বেশি একটা অ্যাডজাস্টমেন্টে সমস্যা হবে না।’
প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট বাংলাদেশের অধিনায়ক। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দল নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে বলে জানান তিনি, ‘আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। এখানে যতটুকু সুবিধা ছিল, তার মধ্য দিয়েই আমরা সেরা প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করেছি। সবাই আত্মবিশ্বাসী আছে। গত কয়েকটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলছি। আমি বিশ্বাস করি, এই টেস্ট ম্যাচেও আমরা ভালো কিছু করতে পারব।’
এই টেস্ট জয়ের লক্ষ্য থাকলেও শান্তর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো ক্রিকেট খেলা। কারণ এই সিরিজের পর বাংলাদেশের সামনে রয়েছে কয়েকটি কঠিন বিদেশ সফর। টাইগার অধিনায়ক বলেন, ‘ম্যাচটা জিততে চাই এবং ভালো ক্রিকেট খেলতে চাই। কারণ এই সিরিজের পরে আমাদের বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে। এই সিরিজে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি, সেটাই গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যান ও বোলাররা এখানে ভালো করতে পারলে সেটা সামনের সিরিজগুলোতেও কাজে আসবে। তাই লক্ষ্য থাকবে, আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি।’
এসকেডি/আইএইচএস/








