এখন পর্যন্ত দেশের ৫৯টি উপজেলা চলমান বন্যার কবলে পড়েছে বলে জানিয়েছে সরকার। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে।
বন্যা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আসাদুল হাবিব দুলু জানান, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৯টি উপজেলার ৩৬৮টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা। মারা গেছেন ৫৪ জন।
পানি কমছে, লড়াই টিকে থাকার
এবার বর্ষায় টানা বর্ষণে দেশের দক্ষিণ–পূর্ব এবং উত্তর–পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার বন্যার কবলে পড়েছে। এখন পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষতির চিত্র।
সংবাদ সম্মেলনে মন্ত্রী ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ইতিমধ্যে ত্রাণ পরিচালনার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া চাল ও শুকনো খাবার দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন।
এর আগে আন্তমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।








