ঢাকার ডেমরা ধানাধীন পূর্ব বক্সনগর এলাকার একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মাদরাসার দেয়াল ধসে ঘুমিয়ে থাকা চার শিক্ষার্থী দগ্ধ ও একজন গুরুতর আহত হয়েছে।
তারা হলেন- মোহাম্মদ মোদাব্বির (১৬), সাফি (১৫), উজাইফা (১৫), রোমান (১৪) ও রেজওয়ান (১৬)। তাদের মধ্যে আহত রেজওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজন দগ্ধকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৬টার দিকে জাতীয় বার্নে নিলে চারজনকে সেখানে ভর্তি দেওয়া হয়। অন্য একজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসা ওই মাদরাসার শিক্ষক মো. আকাশ জানান, দারুল আজাদ তাকসিসি মাদরাসার ষষ্ঠ তলায় বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ডে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। ওই সময় রুমে কয়েকজন শিক্ষার্থী ঘুমাচ্ছিল। বিস্ফোরণ ও দেয়াল ধসের কারণে তারা ভেতরেই আটকা পড়ে। অন্যরা দ্রুত বেরিয়ে আসে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই মাদরাসায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চার শিক্ষার্থী দগ্ধ ও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। চারজনকে জাতীয় বার্নে ও অন্যজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে।
কাজী আল-আমিন/এমকেআর








