বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। সাক্ষাৎকালে দেশের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক বিষয়, ছাত্রসমাজের প্রত্যাশা এবং বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সাদিক কায়েম তার ফেসবুক আইডিতে এক পোস্টে সাক্ষাৎকারের তথ্য জানান।
সাদিক কায়েম জানান, বৈঠকে তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজ ও দেশবাসীর প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন জাতীয় ইস্যুতে, বিশেষ করে গণভোটের জনরায় বাস্তবায়নের আন্দোলন এবং সম্প্রতি রংপুরে তিস্তা নদী রক্ষার দাবিতে সক্রিয় ভূমিকা রাখায় ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানান।
এছাড়া চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্দশা সরেজমিনে পরিদর্শন এবং সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের কল্যাণে জাতীয় দায়িত্ব পালনে অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন
ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
এসময় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড সংস্কারে বরাদ্দ করা দুই কোটি টাকার প্রকল্প, কেন্দ্রীয় মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা স্থাপন ও সংস্কার, কার্জন হলসহ গুরুত্বপূর্ণ স্থানে ক্যান্টিন চালুর উদ্যোগ এবং প্রায় দুই ডজন উন্নয়ন প্রকল্প প্রশাসনিক জটিলতায় আটকে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে গবেষণা খাতে কোনো বরাদ্দ না রাখার বিষয়েও বিস্ময় প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের বিভিন্ন মৌলিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
আরএএস/এমআইএইচএস








