ময়মনসিংহের গফরগাঁওয়ে ছয় বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মো. মহসিন উদ্দিন (৬০) উপজেলার পশ্চিম গফরগাঁও গ্রামের সাহেববাড়ি মসজিদের ইমাম। তার বাড়ি পার্শ্ববর্তী গড়াবেড় গ্রামে। তিনি নূরুল ইসলামের ছেলে।

থানা পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইমাম স্থানীয় শিশুদের মসজিদে আরবি শিক্ষা দিতেন। গত রোববার সকাল সাড়ে ৬টার দিকে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুটিকে মসজিদের ভেতর ইমামের বিশ্রামকক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুটির মা বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোরাদ খান অভিযুক্ত মহসিন উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শেখ জাগো নিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইমাম অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হোসাইন সুলভ/এফএ/এএসএম