জুলাই বিপ্লব স্মৃতিস্তম্ভ এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে আপত্তিকর পোস্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এসএম সুইট। রোববার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদনপত্রটি জমা দেন তিনি।
অভিযোগে উল্লেখ করা হয়, শান্তা ফারজানা নামের এক ব্যক্তি জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এটা শহীদদের স্মৃতির প্রতি চরম অবমাননার শামিল। মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই বিপ্লবকে ‘পরিকল্পিত’ বা ‘সাজানো ঘটনা’ হিসাবে উপস্থাপন করেছেন। যা রাষ্ট্র ও বিপ্লব সম্পর্কে অবমাননাকর। চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধেও বিপ্লবকে কটাক্ষ করার অভিযোগ আনা হয়েছে। তিনি আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে ‘অভিনয়’র সঙ্গে তুলনা করেছেন। এতে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম এবং মোমিন মেহেদীর সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য জুলাই বিপ্লবের চেতনাকে ক্ষুণ্ন করার শামিল বলে অভিযোগ করেন তিনি।








