সৌদি আরবের নতুন জাতীয় এয়ারলাইনস সংস্থা রিয়াদ এয়ার আগামী ৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু করেছে এয়ারলাইনটি।

এয়ারলাইনস সংস্থাটি জানিয়েছে, অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালিত হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রিয়াদ থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে রিয়াদে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

রিয়াদ এয়ার জানিয়েছে, নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্য, পর্যটন ও যাত্রী চলাচল সহজ হবে। রিয়াদকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করে যাত্রীরা এয়ারলাইনটির বৈশ্বিক নেটওয়ার্ক ও কোডশেয়ার অংশীদারদের মাধ্যমে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যেও সহজে ভ্রমণ করতে পারবেন।

এয়ারলাইনটির টিকিট নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টদের মাধ্যমে কেনা যাবে। এ ছাড়া যাত্রীরা ‘স্ফিয়ার’ লয়্যালটি প্রোগ্রামের ফাউন্ডিং মেম্বার হিসেবে নিবন্ধন করলে বিশেষ অফার, বিনামূল্যে ইন-ফ্লাইট ওয়াই-ফাই, রিওয়ার্ড পয়েন্টসহ বিভিন্ন সুবিধা পাবেন।

রিয়াদ এয়ারের ৭৮৭-৯ ড্রিমলাইনারে বিজনেস এলিট, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি—এই চারটি শ্রেণির আসন রয়েছে। প্রতিটি আসনে ব্লুটুথ অডিও, ইউএসবি চার্জিং সুবিধা এবং আধুনিক ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা সংযুক্ত থাকবে। বিজনেস শ্রেণিতে থাকবে সম্পূর্ণ ফ্ল্যাটবেড আসন, আর প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি শ্রেণিতে উন্নত আরামদায়ক আসন ও ব্যক্তিগত বিনোদনের সুবিধা রাখা হয়েছে।

এয়ারলাইনটির ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমে ৫০০ টির বেশি চলচ্চিত্র, ৬০০ টির বেশি টিভি সিরিজ এবং এক হাজারের বেশি অডিও অ্যালবাম ও প্লে-লিস্ট উপভোগ করা যাবে। এ ছাড়া সৌদি-নির্মিত ইন-ফ্লাইট পণ্য, শিশুদের জন্য বিশেষ ডিজনি অ্যামেনিটি কিট, উন্নত খাবার পরিবেশন এবং বিভিন্ন ওয়েলনেস সুবিধাও থাকবে।

রিয়াদ এয়ারের ভাষ্য, নতুন এই সার্ভিস শুধু ঢাকা-রিয়াদ রুটেই সীমাবদ্ধ থাকবে না; বরং বাংলাদেশি যাত্রীদের জন্য মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে আরও সহজ, দ্রুত ও বিশ্বমানের ভ্রমণের সুযোগ তৈরি করবে।