২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে একটি অদ্ভুত কাকতালীয় ঘটনা সবার নজর কেড়েছে। মাত্র ২৪ ঘণ্টারও কিছু বেশি সময়ের ব্যবধানে, ৩টি আফ্রিকান দল তাদের ম্যাচের ৮৬তম মিনিটে ম্যাচের ফলাফল নির্ধারক গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তথাকথিত ‘৮৬তম মিনিটের অভিশাপ’ তত্ত্বকে উসকে দিয়েছে।

এই ঘটনার সূত্রপাত হয় আইভরি কোস্টকে দিয়ে। নরওয়ের বিপক্ষে ম্যাচে আমাদ দিয়াল্লোর গোলে সমতা ফিরিয়ে খেলাটি অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আইভরি কোস্ট। কিন্তু শেষ পর্যন্ত ৮৬তম মিনিটে আর্লিং হালান্ডের গোলে তারা ২-১ ব্যবধানে হেরে যায়।

পরের দিন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর ক্ষেত্রেও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে লেপার্ডরা (কঙ্গোর ডাকনাম) প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল এবং গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত সব সেভের সুবাদে ম্যাচের অনেকটা সময় সেই লিড ধরে রেখেছিল। তবে ম্যাচের শেষলগ্নে হ্যারি কেইন দুটি গোল করেন। যার দ্বিতীয়টি ছিল ৮৬তম মিনিটে এবং এর ফলে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়লাভ করে।

এর কয়েক ঘণ্টা পরই এই তালিকায় যুক্ত হয় সেনেগালের নাম। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে ৮৬তম মিনিট পর্যন্ত আফ্রিকান দলটি ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু ঠিক তখনই রোমেলু লুকাকু গোল করেন। এই গোলটি বেলজিয়ামের দুর্দান্ত প্রত্যাবর্তনের সূচনা করে। তারা ৮৯তম মিনিটে ইউরি টিলেমান্সের গোলে সমতা ফেরায় এবং অতিরিক্ত সময়ে আরও গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে।

এই কাকতালীয় ঘটনাটি দ্রুতই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা প্রতিযোগিতার এই পর্যায়ে ৮৬তম মিনিটকে আফ্রিকান দলগুলোর জন্য এক ধরণের ‘অভিশাপ’ হিসেবে গণ্য করতে শুরু করেন।

এই ঘটনার তালিকাটি আরও দীর্ঘ হতে পারতো। দক্ষিণ আফ্রিকাও ম্যাচের শেষ মুহূর্তে কানাডার কাছে ৯২তম মিনিটে একমাত্র গোলটি হজম করে বিদায় নিয়েছিল।

অন্যদিকে, মরক্কো তাদের সহ-আফ্রিকান দলগুলোর মতো একই পরিণতির হাত থেকে রক্ষা পায়। তারা নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ মুহূর্তে ড্র করে এবং পরবর্তীতে পেনাল্টি শুটআউটে জয়ী হয়ে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়।

আরআর/এমএমআর