ছোট হয়ে আসছে বিশ্বকাপ। ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টের গ্রুপ পর্বের পর এখন দ্বিতীয় রাউন্ডও শেষের পথে। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে উরুগুয়ে বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকে, দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে জার্মানি। শেষ ষোলোয় উঠে গেছে ব্রাজিল, ফ্রান্স এবং ভাগ্য ঝুলে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আরেক সাবেক চ্যাম্পিয়ন স্পেনের।

তবে সবার আলোচনা আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচ নিয়ে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন এবং কেপ ভার্দে বিশ্বকাপে নতুন এবং ছোট দল। তাহলে এই ম্যাচ নিয়ে আলোচনা তো একটাই হতে পারে কত গোলে জিতবে মেসিরা। তবে গ্রুপ পর্বে কেপ ভার্দের অসাধারণ পারফরম্যান্স ম্যাচটির আলোচনাটা অন্য দিকে ঘুরিয়ে দিয়েছে। স্পেন ও উরুগুয়ে দুই সাবেক চ্যাম্পিয়নকে রুখে অভিষেক আসরেই রূপকথার জন্ম দিয়েছে দেশটি।

অনেকেই বলতে শুরু করেছেন বিশ্বকাপ ইতিহাসে বড় অঘটনের জন্ম দেয় কিনা কেপ ভার্দে! পুঁচকে দলকে নিয়ে বেশি টেনশন হয়তো করবেন না মেসিরা। তবে মেসিদের কোচ সিরিয়াস নতুন এই দলটি নিয়ে। এরই মধ্যে তিনি তার শিষ্যদের সতর্কও করে দিয়েছেন।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিজ দেশের একদল গণমাধ্যমকর্মীকে বলেছেন, ‘কেপ ভার্দেকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।’

আর্জেন্টিনা দলের তারকা খেলোয়াড়দের সতর্ক করে লিওনেল স্কালোনি স্পষ্টভাবে বলেছেন, ‘কেপ ভার্দে একটি টাফ অপোনেন্ট (শক্ত প্রতিপক্ষ) এবং এই দলটি স্পেন, উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে নকআউটে উঠেছে।’

গ্রুপ পর্বে আর্জেন্টিনা দাপট দেখিয়ে এগিয়ে গেলেও স্কালোনি কোনো ঝুঁকি নিতে চান না। জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পরই তিনি বলেছিলেন, ‘কেপ ভার্দে আমাকে অবাক করেনি, কারণ এটি একটি ভালো দল। এরা দ্রুতগতির এবং মানসম্পন্ন ফুটবল খেলে। স্পেনের বিপক্ষে তারা কঠিন সময় দিয়েছে, উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গেও লড়াই করেছে। আমাদের খেলোয়াড়দের এটা বুঝতে হবে যে প্রতিটি ম্যাচই কঠিন।’

কেপ ভার্দে, যাদের জনসংখ্যা মাত্র ৫ লাখের কিছু বেশি, বিশ্বকাপে অভিষেক করেই ইতিহাস গড়েছে। তারা গ্রুপ এইচ-এ স্পেনের পেছনে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে উঠেছে। দলটির গোলকিপার ভোজিনহা মেসির প্রশংসা করে বলেছেন, মেসির সঙ্গে মাঠে নামা তার জীবনের স্বপ্ন। কেপ ভার্দের সহকারী কোচ হুমবার্তো বেতেনকোর্টও বলেছেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলা তাদের জন্য সম্মানের এবং তারা নিজেদের স্টাইলে খেলে চমক দেখাতে চায়।

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বর্তমানে দুর্দান্ত ফর্মে। তবে স্কালোনি জানিয়েছেন, দলের সবাইকে একসঙ্গে লড়তে হবে।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, কেপ ভার্দের রক্ষণভাগ শক্তিশালী হলেও আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবলের সামনে টিকে থাকা কঠিন হবে।

তবে স্কালোনির সতর্কবার্তা স্পষ্ট; আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আর্জেন্টিনা ভক্তরা আশা করছেন, চ্যাম্পিয়নরা আরেকটি জয় দিয়ে শেষ ষোলোয় যাবে।

আরআই/এমএমআর