২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার আরেকটি ম্যাচের আগে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। তবে এবারের কারণ মাঠের কোনো গোল বা দুর্দান্ত মুহূর্ত নয়, বরং কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলতে মিয়ামিতে পৌঁছানোর পর বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ভিন্নধর্মী ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিমানবন্দরে নিয়মিত নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যাচ্ছেন। প্রক্রিয়ার অংশ হিসেবে একজন নিরাপত্তাকর্মী হাতে ধরা মেটাল ডিটেক্টর দিয়ে তাকে পরীক্ষা করেন এবং সংক্ষিপ্ত ব্যক্তিগত তল্লাশি চালান। আর্জেন্টিনা দলের সব সদস্যের ক্ষেত্রেই একই নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়।
পুরো প্রক্রিয়ায় মেসি ছিলেন একেবারে শান্ত ও স্বাভাবিক। এক পর্যায়ে তাকে হালকা হেসে উঠতে দেখা যায়। সেই মুহূর্তই দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের দৃষ্টি কেড়ে নেয়।
Messi laughing as the securities checked him at the airport pic.twitter.com/K1vpVKOXyP
— ArgentineCuler (@FCB_Argentine) July 2, 2026
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিরাপত্তাকর্মীদের পেশাদারিত্ব এবং মেসির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তারা বলেন, মেসি কোনো ধরনের অস্বস্তি প্রকাশ না করে বা বিশেষ সুবিধা প্রত্যাশা না করেই স্বাভাবিকভাবে নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করেছেন।
কেউ কেউ মজা করে মন্তব্য করেন, ‘GOAT-ও (সর্বকালের সেরা) নিরাপত্তা তল্লাশি এড়াতে পারেন না!’
মাত্র কয়েক সেকেন্ডের এই ঘটনাই আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠের বাইরের অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে। আটবারের ব্যালন ডি'অর জয়ী মেসির এই স্বতঃস্ফূর্ত ও সহজ-সরল আচরণ আবারও তার বিনয়ী ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরে।
আরআর/এমএমআর








