মৌলভীবাজারের কমলগঞ্জে হামহাম জলপ্রপাত ভ্রমণে গিয়ে একজন আহত হলে বিপাকে পড়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীর একটি পর্যটক দল। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে ফিরতে না পেরে ৯৯৯-এ সহায়তা চান তারা। পরে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২০ জুলাই) বিকেলে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাত থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতে যাওয়ার পথে তাদের মধ্যে একজন পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান। জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এর মাধ্যমে বিকেল তিনটার দিকে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৫টায় আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।
আরও পড়ুন
নাফাখুম-বাঘের মুখে আটকা ৩৭ পর্যটক
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, উদ্ধার শেষে আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত অন্য সব পর্যটক সুস্থ রয়েছেন।
মাহিদুল ইসলাম/এসজেডএইচ/এএসএম








